স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৩১, ১ আগস্ট ২০২৬

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করতে আজ শুক্রবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২৮ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ সংস্থাটির স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান ও নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটি পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়