স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৪, ২৯ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের অভিযোগে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধেও তদন্ত, গ্রেফতার ও বিচার দাবি করেন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। তার দাবি, রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড এ সুরক্ষার আওতায় পড়ে না। তাই ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময়কার কথিত শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

আরও পড়ুন: সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়