স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ০৮:২২, ২৯ জুলাই ২০২৬

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার তহবিল: ফখরুল

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার তহবিল: ফখরুল

ছবি: সংগৃহীত

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবারই প্রথম সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন প্রতিনিধিকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে খ্রিষ্টান ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষকে মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, যারা উদ্যোক্তা হতে চান, বিনিয়োগ করতে চান বা ছোট উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী, তারা এই তহবিল থেকে সহায়তা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের জমি দখলের ঘটনাও ঘটে। তাই নিজেদের অধিকার আদায়ে সচেতন হতে হবে এবং দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হতে হবে। বৈষম্য দূর করে সব শ্রেণি-পেশার মানুষকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে।

বিগত ১৫-১৬ বছরের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময়ের শাসনে রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। ফলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন খাতে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।

তিনি বলেন, নতুন সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রিদের পাশাপাশি সাবেক ক্রীড়াবিদদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষায় গুণগত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রী আরও বলেন, দেশের মেয়েরা এখন ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে। তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়