ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তালিকা হালনাগাদ করতে ইতোমধ্যে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে লিখিতভাবে রেফার করা হলে নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে সোমবার (২৭ জুলাই) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা একটি চিঠি সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
আরও পড়ুন: বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, দেওয়া হলো গার্ড অব অনার
চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








