বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, দেওয়া হলো গার্ড অব অনার
ছবি: সংগৃহীত
দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রবেশ ও প্রথম কর্মদিবস উপলক্ষে রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
বঙ্গভবনের মূল ফটকে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবন পর্যন্ত তাকে এসকর্ট করে নিয়ে যায়। পরে বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এরপর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে স্বাভাবিক নিয়মেই বঙ্গভবনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষরও করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








