কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে
ছবি: সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় তৎকালীন র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার জেলা র্যাব-৭ -এর আওতাধীন ছিল।
ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের একদিন পরই তাকে সেনা হেফাজতে নেওয়া হলো।
আরও পড়ুন: ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠাল সরকার
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে নিষিদ্ধ) সভাপতি হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








