দুবাই থেকে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি, দ্বিতীয় ফ্লাইট বিকেলে
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ১৮৯ জন প্রবাসী বাংলাদেশি যাত্রী নিয়ে ইউএস-বাংলার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
সূচি অনুযায়ী, দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় যাত্রী নিয়ে পুনরায় ঢাকার পথে যাত্রা করবে।
আরও পড়ুন: আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে সংস্থাটি এ উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটেও একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। একইভাবে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষও ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ সীমিতসংখ্যক এয়ারলাইন্সকে এ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
এদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে আছেন বলে জানানো হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ৪ মার্চ পরিচালিত বিএস-৩৪২ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
টিকিট সংক্রান্ত তথ্য বা বুকিংয়ের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশি-বিদেশি সেলস সেন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে আরও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








