পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর
ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকগুলো ভালো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পল কাপুর। তিনি ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে। সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পল কাপুরের সূচি অনুযায়ী, বুধবার তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। সন্ধ্যায় অ্যামচেম বাংলাদেশ আয়োজিত ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজে অংশ নেবেন।
সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া'র কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
আরও পড়ুন: জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








