News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৪, ৩ মার্চ ২০২৬

মেট্রোরেলসহ সব ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত

মেট্রোরেলসহ সব ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত

ফাইল ছবি

দেশের শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধাভোগীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে এই ভাড়া ছাড় প্রক্রিয়াটি ডিজিটাল সিস্টেমের সাথে সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে যে, আগামী পবিত্র ঈদুল আজহার আগেই এই ছাড় কার্যকর করা হবে।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রেলপথের বর্তমান অবস্থা এবং বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার রেল খাতে প্রায় এক লাখ কোটি টাকার বেশি খরচ দেখালেও বাস্তবে তার প্রতিফলন নগণ্য। উন্নয়ন হয়েছে মূলত কাগজে-কলমে। ইঞ্জিন সংকট এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে রেলসেবা আজ প্রশ্নবিদ্ধ। আমরা রেলের সার্বিক সংস্কার ও গতি বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করছি। 

তিনি আরও যোগ করেন, বিদ্যমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং নতুন কিছু সময়োপযোগী প্রকল্প গ্রহণের মাধ্যমে রেলসেবাকে আরও মানসম্মত ও শক্তিশালী করা হবে।

আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে সড়ক ও সেতুমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঈদযাত্রায় বাস ভাড়া বৃদ্ধির কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঘরমুখো মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়