হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্রের দুই মামলায় ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ইমনকে যে দুই মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ, তার একটি—গত জানুয়ারিতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিন হত্যা মামলা। অন্যটি বৃহস্পতিবার হওয়া অস্ত্র মামলা।
রবিবার (২ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “হত্যা মামলায় ইমনের ৫ দিন এবং অস্ত্র মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র মামলাটিতে অন্য চারজনের প্রত্যোককেও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।”
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়
ওই চারজন হলেন – মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ।
পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিমের আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৩০ জুলাই ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








