শাপলা গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধেরর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া আসামিদের মধ্যে পলাতক ৩১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতকদের মধ্যে ছিলেন লতিফ সিদ্দিকী।
একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। পাশাপাশি বিভিন্ন মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে ওইদিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা: আইনমন্ত্রী
গত সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদেশের পর ওইদিন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল ৪১ জনের বিরুদ্ধেই অভিযোগ আমলে নিয়েছেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হবে।
ইসলাম অবমাননাকারীদের বিচারের দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। ওইদিন সমাবেশ ঘিরে দিনভর মতিঝিল-পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চলানো হয়। এরপর রাতে যৌথ অভিযান চালিয়ে হেফাজত নেতাকর্মীদের মতিঝিল থেকে সরানো হয়।
২০২৪ সালের ২০ আগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেন হেফাজতের যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
নিউজবাংলাদেশ.কম/এনডি








