স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৩, ১১ আগস্ট ২০২৬

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণের সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের প্রবেশের জন্য টিকিট লাগবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের জন্য জাদুঘরে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

তিনি জানান, শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে দেশের সব স্কুলের শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আনা হবে। একইভাবে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগও তৈরি করা হবে।

ডা. জাহেদ বলেন, ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন জাদুঘরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শুরুতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে একদিন সাময়িক ব্যবস্থাপনা সমস্যা হয়েছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শৃঙ্খলার সঙ্গে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।

আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

তিনি বলেন, শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়ার মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জাদুঘরকেন্দ্রিক আগ্রহও বাড়বে।

সর্বশেষ

পাঠকপ্রিয়