আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ৩ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪১, ৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তিনি জানিয়েছেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এবং একটি সমঝোতার বিষয়ে তিনি আশাবাদী।

রবিবার (২ আগস্ট) প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, দেশগুলো তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথে এগিয়ে যেতে অনুরোধ করেছে।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কারণ, সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত, আহত ১৮

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চান না। তিনি বলেন, দেখা যাক কী হয়। আমরা যখন প্রয়োজন মনে করব, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়