পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত, আহত ১৮
ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
রবিবার (০৩ আগস্ট) সোয়াত জেলার কাবাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, আটজন বেসামরিক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় ঘটনাস্থলের কাছে পুলিশের সমর্থনে স্থানীয় বাসিন্দাদের একটি সমাবেশ চলছিল। তবে হামলার মূল লক্ষ্য ওই সমাবেশ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
আরও পড়ুন: তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য পাকিস্তান সরকার আফগান তালেবানকে দায়ী করে আসছে। তবে কাবুলের তালেবান সরকার বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছে।








