তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে অবস্থানকালে লেখিকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার।
শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তসলিমা নাসরিনকে এ আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে পূর্বনির্ধারিতভাবে আমন্ত্রিত না থাকলেও তিনি সেখানে উপস্থিত হন এবং লেখিকাকে স্বাগত জানান।
এ সময় তিনি তসলিমা নাসরিনের হাতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দেন।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধান, গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে যে কেউ আসতে পারেন, মত প্রকাশ করতে পারেন। তসলিমা নাসরিনের এই সফর সেই বাস্তবতারই প্রতিফলন।
তিনি আরও বলেন, এখানে ধমক-চমক, দেখে নেব কিংবা আটকে দেওয়ার রাজনীতি অতীত। আপনি একবার নয়, বারবার পশ্চিমবঙ্গে আসবেন। আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধরা অনুপ্রবেশকারী নন
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে শুধু সরকারের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। তাই লেখক-শিল্পীসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, তসলিমা নাসরিন গত শুক্রবার (৩১ জুলাই) পশ্চিমবঙ্গে পৌঁছান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








