আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১১, ৩১ জুলাই ২০২৬

বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪

বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি খনির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনিতে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত ও নিখোঁজ শ্রমিকদের সবাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

বিস্ফোরণের পরপরই বেলুচিস্তান প্রাদেশিক সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার উদ্ধারকারী দলের সদস্যরা জানান, নিখোঁজদের উদ্ধার এবং সব মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে একই দিন বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে পাথরের বড় চাঁই ধসে এক শ্রমিক নিহত হন।

আরও পড়ুন: লোহিত সাগরের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চলতি জুলাই মাসের শুরুতে সিন্ধের থাট্টা জেলার কোহিস্তান এলাকায় একটি কয়লা খনিতে ধসে চার শ্রমিক নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়