লোহিত সাগরের নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশসহ ১৪ দেশ
ছবি: সংগৃহীত
লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও পড়ছে।
মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) ও গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ নৌপথগুলোর নিরাপত্তা জোরদারে সদস্য দেশগুলো সমন্বিতভাবে কাজ করবে।
জোটের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র নিরাপত্তাকে সদস্য দেশগুলো যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করবে। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত পরিকল্পনা, যৌথ সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে অন্য দেশও এতে যোগ দিতে পারবে।
আরও পড়ুন: পাকিস্তানে চেকপোস্টে ভয়াবহ হামলায় পুলিশসহ নিহত ১৫
বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০–১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সৌদি আরব জানিয়েছে, নতুন এ জোটের সদর দপ্তর দেশটিতে স্থাপন করা হবে। তবে সদস্য দেশগুলোর সামরিক অবদান, যুদ্ধজাহাজ বা বিমান মোতায়েনের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








