জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১৮:৩৬, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৮

চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৮

ছবি: সংগৃহীত

বন্দর নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ইন্টারনেট সেবার এক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে নগর পুলিশ তাদের গ্রেপ্তারের তথ্য দিলেও হামলা-ভাঙচুরের ভিডিওতে তাদের দেখা গেছে কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ।

পুলিশ বলছে, ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানবপাচারসহ পাঁচটি এবং ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ ১২টি মামলা আছে।

তাদের কয়জনকে হামলার ভিডিওতে দেখা গেছে, এ প্রশ্নে ফয়সাল আহম্মেদ বলেন, “লোকাল সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে তাদের ধরা হয়েছে। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, সেটি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”

আরও পড়ুন: চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা

সোমবার দুপুরে বন্দর নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা-ভাঙচুর চালায় এক দল লোক।

কোম্পানির মালিক পক্ষের অভিযোগ, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী বিদেশে পালিয়ে থাকা মোবারক হোসেন ইমন ওরফে ডেবিট ইমন এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল তাদের কাছ থেকে। ওই টাকা না পেয়ে হামলা ঘটানো হয়। বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে কোম্পানির মালিকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন ডিডিএনের এক কর্মকর্তা। সেখানে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের নম্বরে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় হামলা, চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে বাকলিয়া এক্সেস রোডে তাদের কোম্পানিতে ৩০/৪০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে গিয়ে অতর্কিত ভাঙচুর শুরু করে। বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, আসবাব, গ্লাস ভাঙচুর করে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি করে। সন্ত্রাসীরা তিনটি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ ৪৭ হাজার এবং কোম্পানির পরিচালকের কাছ থেকে ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়