এআই যুগে ‘গুগলবুক’ ল্যাপটপ আনল গুগল
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে প্রবেশ করতে নিজস্ব ল্যাপটপ সিরিজের ঘোষণা দিয়েছে গুগল। ‘গুগলবুক’ নামের এই নতুন ল্যাপটপ সিরিজ উন্মোচন করা হয়েছে অ্যান্ড্রয়েড শো ২০২৬ ইভেন্টে।
সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই ল্যাপটপ প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনা তৈরি করেছে।
গুগল জানিয়েছে, গুগলবুক ল্যাপটপগুলো অ্যান্ড্রয়েড প্রযুক্তি অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে থাকবে ক্রোম ব্রাউজার এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা। পাশাপাশি স্মার্টফোন পরিবর্তন না করেই সরাসরি সংযুক্ত অ্যান্ড্রয়েড ফোন থেকে ফাইল ও অ্যাপ ব্যবহার করা যাবে।
গুগলবুকের অন্যতম আকর্ষণ ‘ম্যাজিক পয়েন্টার’ নামের একটি নতুন সুবিধা। এতে কার্সারের গতিবিধির ওপর ভিত্তি করে ব্যবহারকারীকে তাৎক্ষণিক বিভিন্ন পরামর্শ দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
ডেমো প্রদর্শনীতে দেখা গেছে, এই ল্যাপটপের মাধ্যমে ই-মেইল থেকে সরাসরি মিটিংয়ের সময়সূচি নির্ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসবাবপত্রের ছবি মিলিয়ে ঘরের নকশা তৈরি করা সম্ভব।
এ ছাড়া এতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উইজেট সুবিধা, যা ভ্রমণ পরিকল্পনা সাজানো, হোটেল বা রেস্তোরাঁ বুকিং এবং বিভিন্ন আয়োজনের কাউন্টডাউন স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারবে।
নতুন এই ল্যাপটপ সিরিজের আরেকটি আকর্ষণ হলো এর পাতলা নকশা ও বহু রঙের আলোকিত লাইট বার। তবে এখনো গুগল হার্ডওয়্যার স্পেসিফিকেশন, প্রসেসর অংশীদার কিংবা দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। বিদ্যমান ক্রোমবুক সিরিজকে গুগলবুক প্রতিস্থাপন করবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন: বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার জিজি
গুগল জানিয়েছে, ডেল, এইচপি, লেনোভো, আসুস এবং এসার-এর মতো শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রথম প্রজন্মের গুগলবুক ডিভাইস বাজারে আনা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








