২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
ফাইল ছবি
দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম। টিকাদান কর্মসূচি চালু থাকলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রামক এই রোগ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৭৭ শিশুর।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৮
পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








