ঝিনাইদহে পাম্প কর্মীদের পিটুনিতে যুবক নিহত, আটক ৩
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৭ মার্চ) রাত ৯টার দিকে ‘মেসার্স তাজ ফিলিং স্টেশনে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরব জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে পাম্পে তেল নিতে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৭ মার্চ) রাত ৮-১০টার সময় নিরব হোসেন পাম্পে তেল নিতে যান।
তখন পাম্পের কর্মীরা জানায়, তেল নেই এবং পাম্প বন্ধ। নিরব হোসেন পরে পাশের পাম্পে গিয়ে তেল না পাওয়ায় ফিরে আসেন। তিনি তাজ ফিলিং স্টেশনে দেখেন, সেখানে অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এ নিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে কর্মীরা তাকে লাঠি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তিনি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, নিরবকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে তার শরীরে কাঁধ, মাথা ও কানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে এবং সে মৃত্যুবরণ করেন।
নিহতের বন্ধুরা জানান, নিহত ফাস্টফুডের ব্যবসা করতেন এবং ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে ফাস্টফুড দোকানের মালিক ছিলেন। এছাড়া তিনি ঝিনাইদহ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
পাম্পের মালিক হারুন অর রশিদ, যিনি ঢাকায় অবস্থান করছেন, বলেন, পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, পাম্পের তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, দায়িত্ব নির্ধারণ ও আইনগত ব্যবস্থা প্রাথমিক তদন্ত শেষে গ্রহণ করা হবে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনার সময় নিরব হোসেন ও তার বন্ধু মোটরসাইকেলে পাম্পে গিয়েছিলেন। কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে পরিস্থিতি উত্তেজিত হয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে প্রয়োজনীয় মামলা গ্রহণ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








