নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যা হত্যার পর যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
নওগাঁর আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। জয় (২৮) নামে এক যুবক নিজ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর একই ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, জয় শয়নকক্ষে ঢুকে ধারালো ছুরি নিয়ে স্ত্রী ও শিশুর ওপর চড়াও হন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা ও মেয়ের মৃত্যু হয়। স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি দিয়ে জয় নিজের গলায় আঘাত করেন।
জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তি এবং পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং ঘটনার পেছনের অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ
প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিবাদের কারণে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টিতে লিপ্ত থাকতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








