বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ গায়েব
ফাইল ছবি
বাগেরহাটে পূবালী ব্যাংকের একটি লকার থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা পরিদর্শন করেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী, পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে বুধবার (৪ মার্চ) গ্রাহক সুমন কুমার দাস ব্যাংকের লকারে রাখা সোনা হারানোর অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর পূবালী ব্যাংকের বাগেরহাট শাখার লকারে পরিবার ও আত্মীয়স্বজনের প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার রাখা হয়েছিল।
পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য গত বুধবার ব্যাংকে গিয়ে লকার খুলে স্বর্ণ নেওয়ার সময় দেখা যায়, ভেতরে কোনো স্বর্ণালঙ্কার নেই। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করা হয়।
গ্রাহক সুমন কুমার দাস বলেন, আত্মীয়স্বজনসহ পরিবারের সবার স্বর্ণালঙ্কার লকারে রাখা ছিল। সেগুলো না পেয়ে আমরা বড় সংকটে পড়েছি।
এ বিষয়ে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন বলেন, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি জানান, লকারে রাখা সম্পদের ঘোষণা গ্রাহক দেননি এবং লকারের নির্দিষ্ট অংশের চাবি গ্রাহকের কাছেই থাকে, ব্যাংকের কাছে থাকে না।
এদিকে মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার হারানোর অভিযোগের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে দায়ীদের বিষয়ে স্পষ্ট হওয়া যাবে।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর কবজি কেটে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা
উল্লেখ্য, এ ঘটনার দুই দিন আগে একই ভবনে থাকা নগদ-এর একটি ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় ৩৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে হিসাবরক্ষক মো. মনিরুজ্জামান-এর বিরুদ্ধে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








