News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৬, ৫ মার্চ ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর কবজি কেটে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

টঙ্গীতে ছিনতাইকারীর কবজি কেটে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার রোষানলে পড়ে মাইন উদ্দিন (৩২) নামের এক ছিনতাইকারীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (০৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেওয়ার পর কবজি কেটে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী দল সাতাইশ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গতিরোধ করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করছিল। একপর্যায়ে এক পথচারীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, রক্তাক্ত অবস্থায় ওই ভুক্তভোগী মাইন উদ্দিনকে জাপটে ধরেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাইন উদ্দিনকে হাতেনাতে ধরে ফেললেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন: আদাবরে প্রধান শিক্ষকের ওপর হামলা, দারোয়ান গ্রেফতার

সহযোগী ছিনতাইকারীরা পালিয়ে গেলে উত্তেজিত জনতা আটক মাইন উদ্দিনকে গণধোলাই দিতে শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুত্বর আহত অবস্থায় মাইন উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত ওই অজ্ঞাতনামা পথচারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক মাইন উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে নিশ্চিত হওয়া গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, জনতার হাতে আটক ওই ছিনতাইকারী বর্তমানে আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়