সাবেক সাংস্কৃতিক মন্ত্রীর পিএস তরিকুল ইসলাম গ্রেফতার
ছবি: সংগৃহীত
সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএস) তরিকুল ইসলামকে (৩৫) নীলফামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রায় ১৩ বছর আগের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী রামগঞ্জহাট বাজারে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় সিদ্দিক আলী আহত হয়ে রাস্তায় পড়ে গেলে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী একটি গাড়ি তাকে চাপা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর পরিস্থিতি পরিবর্তন হওয়ায় নিহতের ছেলে এ মামলা দায়ের করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি করা হয়েছে। তরিকুল ইসলামও এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: টেকনাফে সড়কে গাছ ফেলে ৬০ লাখ টাকা ডাকাতি, গুলিবিদ্ধ ১
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, সিদ্দিক হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








