কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৩, ২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৫, ২ আগস্ট ২০২৬

টেকনাফে সড়কে গাছ ফেলে ৬০ লাখ টাকা ডাকাতি, গুলিবিদ্ধ ১

টেকনাফে সড়কে গাছ ফেলে ৬০ লাখ টাকা ডাকাতি, গুলিবিদ্ধ ১

ছবি: ইমেজবাজার

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজের কাছে পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে বাসে ডাকাতি করেছে। এসময় ডাকাত দলের হামলায় ১জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডাকাতদল বাসের কয়েকজনের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে।

রবিবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. আরমান (২৪)। এছাড়া এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২) নামে ২জন। তাদের সবার বাড়ি টেকনাফ পৌর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে ১৪ নম্বর ব্রিজের কাছে পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একটি ডাকাতদল রাস্তায় পেরেক লাগানো গাছ ফেলে ও অস্ত্র দেখিয়ে বাসটি থামায়। বাসে একটি এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) প্রতিষ্ঠানের তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) ছিলেন। তারা হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন। 

তারা জানান, তারা টেকনাফের একটি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের মতে, ওই সময় রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যান। 

স্থানীয় লোকজন বলছেন, এখনই সমস্ত প্রশাসন দ্রুত যৌথ অভিযান পরিচালনা করলে ডাকাতদের আটক ও লুট করা টাকা উদ্ধার করতে পারবে। এদিকে দিনদুপুরে মহাসড়কে এমন ডাকাতির ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাসটা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টিম রয়েছে। 

আরও পড়ুন: কলাবাগানে স্ত্রী-শাশুড়ি খুন, জামাই আটক

দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়