মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং বোম্ব ডিসপোজাল টিম পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ গোলচত্বরে মেট্রো স্টেশন এলাকায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখে পথচারীরা সেটিকে বোমা সন্দেহে পুলিশকে খবর দেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, ঘটনাস্থলে পুলিশ, সিটিটিসি এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।
ডিসি ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পাওয়া গেছে। সেটিতে কী রয়েছে, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
দুপুর দেড়টার দিকে সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কার্যক্রম শুরু করেন। তবে এ ঘটনায় মেট্রোরেলের নিচের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দেহজনক বস্তুগুলো বোমা কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য জানানো হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








