কেউক্রাডং থেকে ফেরার পথে খাদে পড়ে দুই পর্যটক নিহত
ছবি: সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার মানিকেরহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ জানায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে যায়। দলের আটজন বগালেকের একটি কটেজে রাতযাপনের জন্য অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে সন্ধ্যায় মোটরসাইকেলে করে কেউক্রাডংয়ের উদ্দেশে রওনা দেন।
ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।
দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত ১২টার দিকে খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








