News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ৬ মার্চ ২০২৬

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকা, আটক ২

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকা, আটক ২

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে টার্গেট করে রাজধানীতে সক্রিয় হয়ে ওঠা একটি জাল নোট প্রস্তুতকারী চক্রের সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই তরুণকে আটক করা হয়। আটককৃতরা মূলত শিক্ষার্থী এবং তারা উচ্চশিক্ষার আড়ালে এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে বাসাটি থেকে প্রায় ২৬ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে বাজারে এই বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল চক্রটির। অভিযানে নোট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা দুজনই ফেনী থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থী। সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেছে তারা। অপরাধে জড়িয়ে পড়া এই দুই তরুণ র‍্যাবের কাছে দাবি করেছে, তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সেই লক্ষ্যেই অর্থের জোগান দিতে এই পথ বেছে নিয়েছে।

র‍্যাব-৩-এর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরে বাজারে কেনাকাটার ব্যাপক ভিড় ও নগদ টাকার লেনদেনের সুযোগকে কাজে লাগিয়ে এই জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আটককৃতদের। তারা অত্যন্ত নিখুঁতভাবে এই নোটগুলো ছাপানোর কাজ চালিয়ে আসছিল। মূলত কম সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় তারা সাধারণ ফ্ল্যাট ভাড়া নিয়ে এই গোপন কারখানা গড়ে তুলেছিল।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে র‍্যাব।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়