News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৩, ৬ মার্চ ২০২৬
আপডেট: ১৫:১৮, ৬ মার্চ ২০২৬

জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের পরিবহন খাতে। আন্তর্জাতিক বাজারে তেলের তীব্র সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকে রাজধানীর অধিকাংশ বাস কাউন্টারে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। 

ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন শুক্রবার (০৬ মার্চ) সকালে রাজধানীর গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাসস্ট্যান্ডের হাতেগোনা কয়েকটি কাউন্টারে হাঁকডাক দিয়ে টিকিট বিক্রি চললেও অধিকাংশ বড় পরিবহন সংস্থা টিকিট বিক্রি বন্ধ রেখেছে। কাউন্টারে আসা সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, তেলের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অনলাইনে টিকিট মিলছে না এবং যে দু-একটি কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে, সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

 

পরিবহন সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ভয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। টিকিট বিক্রি বন্ধ রাখার পেছনে তেলের সম্ভাব্য সংকটকেই প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাস মালিক ও কর্তৃপক্ষ। 

তাদের দাবি, সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া রাখা হচ্ছে। অন্যদিকে, বাসের এই অস্থির পরিস্থিতির বিপরীতে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রির কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক ও সুশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ঈদুল ফিতরের মতো বড় উৎসবের আগে এমন পরিবহন অনিশ্চয়তায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। 
ঘরমুখো যাত্রীরা বলছেন, সময়মতো আগাম টিকিট না পেলে শেষ মুহূর্তে চরম ভোগান্তির শিকার হতে হবে। 
দ্রুত এই পরিস্থিতির সমাধান না হলে ঈদযাত্রায় চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়