রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ
ফাইল ছবি
রাজধানীর তুরাগ এলাকার কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাসায় থাকা একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডের মেম্বার বাড়ির পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) ও আবুল কালাম রুবেল (৩৫)।
এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
তিনি আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। একই ভবনের চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে সবাই বের হয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসায় থাকা ১০ জনই আগুনে দগ্ধ হন।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে রাতে কোনোভাবে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে আগুন জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: মেট্রোরেলে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ১০০ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ, রোজার ১৮ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, রিয়া আক্তারের ৩২ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, দেলেরার ১৪ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, আয়েশার ১২ শতাংশ এবং আবুল কালাম রুবেলের শরীরের সাত শতাংশ পুড়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








