ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: গভর্নর
ছবি: সংগৃহীত
ইসলামি ধারার পাঁচ ব্যাংকের একীভূত কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
তিনি বলেছেন, পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
সোমবার (১১ মে) ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে ব্যাংক উদ্যোক্তাদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংশোধিত আইনের কিছু ধারায় যারা অতীতে ব্যাংক থেকে অর্থ নিয়েছেন তাদের ফেরার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, অতীতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতরা আবার ফিরে এলে ব্যাংক খাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
বিএবির সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বৈঠক শেষে বলেন, কারা ব্যাংক থেকে অর্থ নিয়েছেন তা সাধারণ মানুষও জানে। তাই তাদের ফেরার সুযোগ দিলে ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে। বিষয়টি নিয়ে সরকারের আরও গভীরভাবে ভাবা উচিত।
তিনি আরও জানান, গভর্নর তাদের আশ্বস্ত করেছেন যে সংশোধিত আইনের ১৮(ক) ধারার শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হলে সাবেক মালিকদের ফেরার সুযোগ থাকবে না। একই সঙ্গে পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াও চলমান থাকবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এ কে আজাদ, শরীফ জহির, মনজুরুর রহমান এবং রোমো রউফ চৌধুরী।
সভায় বিএবির পক্ষ থেকে দেওয়া লিখিত প্রস্তাবে বলা হয়, দেশের ব্যাংকিং খাত বর্তমানে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং আর্থিক চাপের কারণে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এ অবস্থায় ‘ব্যাংক রেজোল্যুশন (সংশোধিত) আইন’-এর কিছু ধারা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: বাজারের সিন্ডিকেট ভাঙতে এআইভিত্তিক নজরদারির পরিকল্পনা সরকারের
সংগঠনটি ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরাতে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, অর্থঋণ আদালত আইন সংশোধন, দক্ষ জনবল ধরে রাখতে প্রণোদনা চালু এবং সংকটাপন্ন ব্যাংকগুলোর জন্য বিশেষ নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








