ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১৪ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৭.১৬ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১.২৯ ডলারে উঠেছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি কমেছিল। তবে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

এদিকে, ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘস্থায়ী সংঘাত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তেলের দাম বাড়ার ক্ষেত্রে চাপ তৈরি করছে।

তবে তেলের চাহিদা নিয়ে আন্তর্জাতিক পূর্বাভাস কিছুটা দুর্বল হয়েছে। চলতি সপ্তাহে ওপেক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত সাড়ে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি সাপ্তাহিক বৃদ্ধি পেয়েছে। তেলের চাহিদা কমার আশঙ্কার পাশাপাশি বাড়তি মজুতও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ওপর চাপ তৈরি করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়