রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন।
এ পরিস্থিতিতে দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে রবিবার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, “জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। যুদ্ধ পরিস্থিতির কারণে সবার মধ্যেই কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে চাই জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে।”
তিনি জানান, গত কয়েকদিনে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন, তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন।
এ সময় তিনি বলেন, আতঙ্কের কারণে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা দেশের ওপর চাপ সৃষ্টি করছে। সরকার পরিস্থিতি সামাল দিতে সমন্বয়ের চেষ্টা করছে।
আরও পড়ুন: গ্যাস সংকটে ৫ ইউরিয়া সার কারখানা বন্ধ
তিনি বলেন, “আমরা চেষ্টা করব যাতে জ্বালানি তেলের দাম না বাড়ে। তবে একান্তই প্রয়োজন হলে তখন বিষয়টি জনগণের সঙ্গে শেয়ার করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








