লিবিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘমানবেতর জীবন কাটানোর পর অবশেষে আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের উদ্ধার করে নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ও মানব পাচারকারীদের লোভনীয় প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে লিবীয় কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তারা আটক হন। পরবর্তীতে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে, বিশেষ করে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ক্যাম্পে দীর্ঘদিন তাদের মানবেতর বন্দিজীবন কাটাতে হয়। এর মধ্যে অনেকের ওপর নির্যাতন ও অপহরণের শিকার হওয়ারও অভিযোগ রয়েছে। সর্বশেষ দেশে ফেরা এই দলটিতে ৩ জন নারী, ১টি শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে ১০ দিনের মৃত্যুযাত্রা, প্রাণ গেল ৯ বাংলাদেশির
বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত নাগরিকদের জরুরি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য অস্থায়ী বাসস্থান ও আর্থিক যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সে হিসেবে চলতি আগস্ট মাসেই দুই দফায় লিবিয়ার বন্দিশালা থেকে মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো। এর বাইরেও চলতি বছরের বিভিন্ন সময়ে লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে কয়েক হাজার অবৈধ অভিবাসীকে সরকার ও আইওএমের যৌথ প্রচেষ্টায় উদ্ধার করে দেশে আনা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদের সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং লিবীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।
লিবিয়ায় বন্দিদশা থেকে ফেরত আসা প্রবাসীদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা ও দালালদের প্রতারণার কথা সমাজে প্রচার করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে মানব পাচারকারীদের মিথ্যা প্রলোভনে না পড়ে জীবন বাজি রেখে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশযাত্রা থেকে বিরত থাকতে এবং সর্বদা সরকারি অনুমোদিত ও আইনসম্মত নিরাপদ অভিবাসন পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








