না ফেরার দেশে ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত
প্রদীপ রাওয়াত। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।
অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর জানান। সহকর্মীকে স্মরণ করে তিনি লেখেন, আমাদের গজনির দেবা, লাগানের প্রদীপ রাওয়াত। শান্তিতে থাকুন।
পরে অভিনেতার ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে জানান, ক্যানসার পুনরায় ধরা পড়ার পর গত এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। বি. আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পরে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শক্তিশালী খলনায়ক হিসেবে নিজের অবস্থান গড়ে তোলেন।
২০০১ সালে লাগান-এ দেবা সিং এবং ২০০৫ সালে তামিল ছবি গজনি-তে গজনি ধর্মাত্মা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। চরিত্রটির জনপ্রিয়তার কারণে ২০০৮ সালে নির্মিত হিন্দি সংস্করণেও একই ভূমিকায় অভিনয় করেন তিনি।
এছাড়া সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, সাই, স্ট্যালিন, রাউডি রাঠোর, বীরম, ওয়ান: নেনোক্কাডিনে, সারাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রীসহ বহু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতেও ওয়ালটেয়ার বীরাইয়া, গুলু গুলু ও ছাভা চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
আরও পড়ুন: ভক্তের ক্যামেরায় ধরা পড়ল কিং-এর লুকে শাহরুখ!
বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন প্রদীপ রাওয়াত। অনন্ত জলিলের নেত্রী–দ্য লিডার সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এ ছবির শুটিংয়ের জন্য কয়েক বছর আগে বাংলাদেশেও এসেছিলেন। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া








