আমার জীবন নিয়ে উপদেশ দিতে আসবেন না, ক্ষোভ বাঁধনের
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
নতুন চলচ্চিত্র গুলশানের চামেলি-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধন লিখেছেন, একটা বিষয় আমি বিশ্বাস করি- আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি ও সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছেন।
এরপর তিনি জানান, গুলশানের চামেলি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি ভালো লাগার পাশাপাশি পুরো দলের সম্মান ও সহযোগিতাই তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।
বাঁধন লিখেছেন, এই চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো দলের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।
দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও লিখেছেন, এত বছরের কর্মজীবনে আমি অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছি। প্রতিটি কাজ থেকেই নতুন অভিজ্ঞতা পেয়েছি। কিছু কাজ ভালো ছিল, কিছু কঠিন ছিল। তবে সবকিছু মিলিয়েই আজকের আমিটা হয়ে উঠেছি।
পোস্টের শেষাংশে বাঁধন লিখেছেন, আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হব।
আরও পড়ুন: মুক্তির প্রথম দিনেই ৭২ কোটি টাকা আয়, রেকর্ড গড়ল স্পাইডার-ম্যান
জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত গুলশানের চামেলি চলচ্চিত্রের গল্প আবর্তিত হবে এক যৌনকর্মীকে কেন্দ্র করে। নামভূমিকায় অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন রোজিনা, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








