|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ড, ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ড, ৬ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের দাবি, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়