মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে কাতারে সব ফুটবল কার্যক্রম স্থগিত
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের প্রতিক্রিয়ার মধ্যপ্রেক্ষিতে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।
রবিবার (১ মার্চ) কিউএফএ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণায় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করা হলেও, সংস্থাটি জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি জানানো হবে।
এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ, যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার কথা ছিল ২৭ মার্চ, দোহার লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটির নতুন তারিখ এখনো নিশ্চিত নয়।
মহাদেশীয় পর্যায়েও প্রভাব পড়েছে। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মধ্যপ্রাচ্যে আয়োজন হওয়া ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ স্থগিত করেছে। এএফসি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
আরও পড়ুন: যুদ্ধাবস্থায় উৎকণ্ঠা কাটিয়ে দেশে ফিরলেন মুশফিক
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় আঞ্চলিক ক্রীড়াঙ্গন অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্তর্জাতিক ও মহাদেশীয় ফুটবল সূচির ভবিষ্যৎ নির্ভর করছে পরিস্থিতি কেমনভাবে এগোয় তার ওপর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








