News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

ফাইল ছবি

রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। র‍্যাঙ্কিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকায় আগামী ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মূলত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে বর্তমান বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। এতে শঙ্কা ছিল মাঠের লড়াইয়ে না থাকায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে পরবর্তী আসরের সরাসরি সুযোগ নষ্ট হয় কি না। তবে সব সমীকরণ ছাপিয়ে পাকিস্তান আজ নামিবিয়াকে হারিয়ে দেওয়ায় র‍্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়। মূলত র‍্যাঙ্কিংয়ের সেরা তিন দলের কোটায় বাংলাদেশ এই টিকিট পেয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

দুই বছর পর ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আয়োজক দেশ হিসেবে এই দুটি দল সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে আরও সাতটি শীর্ষ দল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

আইসিসি জানিয়েছে, আয়োজক ও বর্তমান আসরের শীর্ষ দলগুলোর বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দল সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। এই তিন দল হলো বাংলাদেশ (র‍্যাঙ্ক ৯), আফগানিস্তান (র‍্যাঙ্ক ১০) ও আয়ারল্যান্ড (র‍্যাঙ্ক ১২)। ২০ দলের এই টুর্নামেন্টের বাকি ৮টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের প্রতিযোগিতার মাধ্যমে।

মাঠের লড়াইয়ে বর্তমান আসরে না থাকলেও র‍্যাঙ্কিংয়ের শক্ত অবস্থানের কারণে ২০২৮ সালের আসরে টাইগারদের অংশগ্রহণ এখন সুনিশ্চিত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়