কানাডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ মন্টি দেসাই
মন্টি দেসাই। ছবি: সংগৃহীত
কানাডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় কোচ মন্টি দেসাই। তিনি এর আগে আফগানিস্তান ও নেপাল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
৫১ বছর বয়সী দেসাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা প্রায় দুই দশকের। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।
নেপালের দায়িত্বে থাকাকালে তিনি বড় সাফল্য এনে দেন। তার অধীনে ওয়ানডে মর্যাদা ফিরে পায় নেপাল এবং আইসিসির একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে দলটি।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেসাই। তিনি বলেন, এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ। কানাডায় কাজের অভিজ্ঞতা এবং ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে আমার ধারণা আছে। সহযোগী দেশগুলো এখন বিশ্ব ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, কানাডারও বড় সম্ভাবনা আছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি তৈরি করা, যেখানে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে।
আরও পড়ুন: দেশে ফেরা ও রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুলেছেন সাকিব
এদিকে কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি অরবিন্দর খোসা বলেন, পারফরম্যান্স, পেশাদারিত্ব ও নতুন উদ্যমের মাধ্যমে ক্রিকেট কানাডাকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। মন্টি দেসাইয়ের নিয়োগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








