স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ২৩ এপ্রিল ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতে বিপর্যয়

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতে বিপর্যয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ‘ফাইনাল’ বা সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। 

ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে টানা তিন ম্যাচেই টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের; সফরের টানা তিন ম্যাচেই টস জিতল নিউজিল্যান্ড। তবে আগের দুই ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিং নিলেও সাগরিকায় আজ ভিন্ন কৌশলে প্রথমে বোলিং বেছে নিয়েছে সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ জয়ের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল তাদের বোলিং আক্রমণে বড় পরিবর্তন এনেছে। ইনজুরি ও টিম কম্বিনেশনের কারণে আজকের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এবং স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও এসেছে একটি পরিবর্তন; ব্লেয়ার টিকনারের স্থলাভিষিক্ত হয়েছেন বেন লিস্টার।

আরও পড়ুন: সিরিজ জয়ের মিশনে ১৬৫ রানেই টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যয়

সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার আগে চট্টগ্রামের আকাশ ছিল রোদঝলমলে ও পরিষ্কার। প্রচণ্ড গরমের মাঝে খেলা শুরু হলেও গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর হয়নি। কিউই পেসার উইল ও’রোর্কের তোপে পড়ে মাত্র ৩ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ও’রোর্কের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন সাইফ। এরপর নিজের দ্বিতীয় ওভারে বাউন্সি ডেলিভারিতে তানজিদ তামিমকে (১) বোল্ড করে বাংলাদেশকে বড় চাপে ফেলে দেন এই পেসার। ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে মাত্র ৯ রান। ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রোর্ক ও বেন লিস্টার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়