অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত
পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার স্বস্তির খবর জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে জটিলতা সৃষ্টি হয়। উমরাহ শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন।
পোস্টে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদের, যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।”
আরও পড়ুন: সিডনিতে চীনের বিপক্ষে সাবিনাদের অগ্নিপরীক্ষা
এর আগে মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনিটর করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই ক্রিকেটার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








