News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৪, ৬ মার্চ ২০২৬

‘আমরা উদারতা দেখিয়েছি, জামায়াতের উচিত তা গ্রহণ করা’

‘আমরা উদারতা দেখিয়েছি, জামায়াতের উচিত তা গ্রহণ করা’

ফাইল ছবি

জাতীয় সংসদ কেবল একটি ভবন নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু উল্লেখ করে  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে হলে সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। আমরা এই ত্রয়োদশ সংসদকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে চাই, কারণ এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির পদের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং আমরা সেই সাংবিধানিক নিয়ম মেনেই সংসদীয় কার্যক্রম পরিচালনা করতে চাই। নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও বিধান সম্পর্কে সম্যক ধারণা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: সংসদীয় দক্ষতা বাড়াতে বিএনপির ২ দিনের বিশেষ কর্মশালা

সংসদে বিরোধী দলের ভূমিকা এবং ডেপুটি স্পিকারের পদ নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো আইনি বা সংসদীয় বিধান নেই। তা সত্ত্বেও সরকার পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, আমরা রাজনৈতিক উদারতা দেখিয়েছি। আমি মনে করি, জামায়াতের উচিত আমাদের এই উদারতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় সব পক্ষকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সংসদ যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সংসদ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়