সংসদীয় দক্ষতা বাড়াতে বিএনপির ২ দিনের বিশেষ কর্মশালা
ছবি: সংগৃহীত
আগামী ১২ মার্চ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলীয় চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্ধদ্বার এই কর্মশালায় তারেক রহমান নিজে প্রশিক্ষণার্থী হিসেবে অন্য সংসদ সদস্যদের সারিতে বসেন, যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপির অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা কম থাকায় অধিবেশন শুরুর আগে তাদের প্রস্তুত করতেই এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এখানে সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। অভিজ্ঞ সাংসদরা তাদের বাস্তব অভিজ্ঞতাও নতুন সদস্যদের সামনে তুলে ধরছেন।
আরও পড়ুন: রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভের ডাক জামায়াতের
বিএনপির এক সিনিয়র নেতা জানান, কর্মশালায় সংসদে কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে কীভাবে তুলে ধরতে হয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশগ্রহণের নিয়ম-কানুন সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু সংসদ সদস্যদের দায়িত্ব পালনের দিকনির্দেশনা নয়, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৌশলগত বিষয়গুলোও তুলে ধরা হবে। সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন দলীয় নেতারা।
কর্মশালাটি কয়েকটি সেশনে ভাগ করে আয়োজন করা হয়েছে। প্রথম দিন শুক্রবার দুটি সেশন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় সেশন শুরু হয় দুপুর আড়াইটায়, যা চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এই সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যদের একটি অংশ অংশগ্রহণ করছেন।
দ্বিতীয় দিন শনিবার (০৭ মার্চ) একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যদের সঙ্গে ফরিদপুর জেলার সদস্যরা অংশ নেবেন। বিকালের সেশনে উপস্থিত থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
দলীয় নেতারা জানান, কর্মশালায় বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হতে পারে। এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন, যা আগামী ১২ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতে বিএনপি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








