News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ৬ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন সেলিমা রহমান

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন সেলিমা রহমান

সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান উন্নত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘদিন জ্বর ও ফুসফুসে সংক্রমণে ভোগার পর বর্তমানে কিছুটা সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরীন। তিনি জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি নিয়মিত সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

শিরীন বলেন, “সেলিমা আপা এখন অনেকটাই সুস্থ। তবে শারীরিক কিছু জটিলতা ও চেকআপের প্রয়োজন থাকায় তিনি বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”

গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি উচ্চমাত্রার জ্বর, তীব্র শরীর ব্যথা এবং ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার জটিল রোগ ডিপ ভেইন থ্রম্বোসিস শনাক্ত করেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

পরবর্তীতে একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কয়েকদিন চিকিৎসা চলার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সংক্রমণের মাত্রা কমে আসায় এবং রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ন্ত্রণে আসায় তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: গণতন্ত্র ও দ্বিপাক্ষিক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

সিঙ্গাপুরে পৌঁছানোর পর একটি বিশেষায়িত হাসপাতালে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূলত ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সেরেছে কি না এবং ডিপ ভেইন থ্রম্বোসিসের পরবর্তী চিকিৎসা কী হবে—তা নির্ধারণ করবেন সেখানকার চিকিৎসকরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়