News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৪২, ৫ মার্চ ২০২৬

গণতন্ত্র ও দ্বিপাক্ষিক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

গণতন্ত্র ও দ্বিপাক্ষিক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠক করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বেলা ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রবেশ করেন। প্রায় ৫০ মিনিট স্থায়ী এই বৈঠকটি বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

আরও পড়ুন: ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র। নতুন সরকার গঠনের পর তাদের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলেছি। বিশেষ করে গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে মার্কিন নীতির সঙ্গে আমাদের আদর্শিক মিল রয়েছে। বৈঠকে আগামী দিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের রূপরেখা নিয়েও বিশদ আলোচনা হয় বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির বৈঠকের আগে, সকাল ৯টায় একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। দলটির নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে তিনি সরকারের নীতিনির্ধারক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। তার এই সফরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়