News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশে তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

দেশে তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে তাকে ‘নজিরবিহীন সংবর্ধনা’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি- আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসবেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয়।”

তিনি আরও বলেন, লন্ডন থেকে ঢাকায় প্রত্যাবর্তনের পর তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনো রাজনৈতিক নেতা পাননি।

এদিকে বিএনপির একাধিক দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সারাদেশব্যাপী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওইদিন ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনাও রয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়