দীর্ঘ লড়াইয়ের পর গণতন্ত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।
তিনি আইনশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব সময় একটি বিষয় মনে রাখতে হবে রুল অব ল এবং ইনসাফ। আমরা যদি এই দুটি বিষয় ধরে রাখতে পারি, তাহলে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। দুর্ভাগ্যজনকভাবে বিগত সময়ে আমরা এসব থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলাম।
তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফ নিশ্চিত করতে চাই।
আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
এলজিআরডি মন্ত্রী বলেন, প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে। একইভাবে দক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করা গেলে রাষ্ট্র আরও কার্যকর হবে। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোকে কার্যকর করা গেলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








