স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ফাইল ছবি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। 

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে দলীয় মনোনয়ন নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার ভাষ্য, চলতি আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতবিনিময় করবেন। যদিও দলটির কোনো জ্যেষ্ঠ নেতা এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করতে রাজি হননি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে। এ লক্ষ্যে গত ২৫ জুলাই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলটি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায়।

আরও পড়ুন: চিনিকলগুলোকে সারা বছর সচল করতে চায় সরকার: রিজভী

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়